পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগের চিন্তা করছে সরকার -----স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

পরিকল্পিত দেশ গঠনে সরকার পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন করে পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স-বিআইপি আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পিত দেশ প্রয়োজন। এক্ষেত্রে পরিকল্পনাবিদের অংশগ্রহণ অনস্বীকার্য। টেকসই উন্নয়নের জন্য সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে। শহর-নগর-গ্রাম পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যত্ চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই এখন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা নিবে সরকার।

পরিকল্পিত দেশ গঠনে নগর পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আবাসিক, বাণিজ্যিক, স্কুল-কলেজ, ক্লিনিক-হাসপাতাল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র কোথায় হবে এগুলো নির্ধারণ করার দায়িত্ব তাদের।