পোপের সঙ্গে ‘উষ্ণ’ বৈঠক হয়েছে বলে মোদির টুইট ভারত সফরে আমন্ত্রণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:০৪

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত্ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির রোমে অনুষ্ঠিত এ বৈঠকের সময় তার সঙ্গে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পোপের সঙ্গে একান্ত বৈঠক শেষে তাকে ভারতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাদের মধ্যে বৈঠকের নির্ধারিত সময় ২০ মিনিট থকলেও তা শেষ হয় এক ঘণ্টায়।

ভারতের প্রধানমন্ত্রী পরে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লেখেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে খুব উষ্ণ বৈঠক হয়েছে। বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। জানা গেছে, জলবায়ু সংকট মোকাবিলা ও দারিদ্য দূরীকরণসহ বিশ্বকে আরও ভালো রাখার নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।          রোমে রওনা হওয়ার আগে মোদী বলেন, করোনা মহামারিতে ধসে পড়া বিশ্ব অর্থনীতির হাল ফেরানোর বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১২ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন।