নিয়ম ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউজ দুটি হলো, ডিএসই’র সদস্য সাদ সিকিউরিটিজ লিমিটেড এবং সালতা ক্যাপিটাল লিমিটেড। গতকাল বিএসইসির ৬৭৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস এর লঙ্ঘন করায় সাদ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও সমন্বিত গ্রাহক হিসেবে ৩১ মে ২০১৮ তারিখ ৩ লাখ ২২ হাজার ৭০২ টাকা ৭৫ পয়সা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস লঙ্ঘন, অনুমোদিত প্রতিনিধিদের নামে বিও হিসাব খুলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ট্রেডিং রাইট, এনটাইটমেন্ট সার্টিফিকেট) রেগুলেশনস ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জে কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালার লঙ্ঘন, ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস লঙ্ঘন এবং নন-মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ লঙ্ঘন করায় সালতা ক্যাপিটালকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
