টি-২০ ক্রিকেটে একপেশে ম্যাচ কারই-বা ভালো লাগে! প্রথম দুই ম্যাচের মতো টানা তৃতীয় জয়টিও এভাবেই আদায় করে নিল ইংল্যান্ড। তবে রোমাঞ্চ বা নাটকীয়তা না হলেও দুবাইয়ের গ্যালারিতে উপস্থিত থাকা দর্শকরা যে অতৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছেন সেটা বলা মুশকিল। বরং তৃপ্তির ঢেকুরই তুলে ফেলার কথা জস বাটলারের ৩২ বলে ৫ চার ও ৫ ছয়ে ৭১ রানের ঝোড়ো ইনিংস দেখে। যেই ঝড়ে উড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া।
গতকালের ম্যাচটিতে মোটামুটি সবার ধারণা ছিল অজিদের বিপক্ষে হয়তো কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে ইংল্যান্ড। কিন্তু কীসের কী! উলটো অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না এউইন মরগানের দল। বোলিংয়ে যেমন ধারালো, ব্যাটিংয়েও তেমনি ধ্বংসাত্মক। তাই তো ১২৬ রানের লক্ষ্য পাড়ি দেয় ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখেই। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের আরো কাছে পৌঁছে গেছে ইংলিশরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। এর পরের পুরোটাই বাটলার প্রদর্শনী। স্টার্ক, হেইজেলউড, কামিন্স, জাম্পা কাউকেই মারের হাত থেকে রেহাই দেননি তিনি। টুর্নামেন্টে প্রথম হার এটি অস্ট্রেলিয়ার।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১২৫ (ফিঞ্চ ৪৪, ওয়েড ১৮, অ্যাগার ২০; ওকস ২/২৩, জর্ডান ৩/১৭, লিভিংস্টোন ১/১৫)
ইংল্যান্ড : ১১.৪ ওভারে ১২৬/২ (রয় ২২, বাটলার ৭১*, বেয়ারস্টো ১৬*; অ্যাগার ১/১৫, জাম্পা ১/৩৭)
ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: ক্রিস জর্ডান
