নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় নবনির্মিত বাইপাস সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটো রিকশার দুই আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় বসুরহাট বাইপাস সড়কের রামদী এলাকায় এ সড়ক দুঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা করা হয়েছে। কাভার্ডভ্যান চালক মো. মাছুম ভুইয়া (২৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউছুপের ছেলে।
ঘটনাস্থলে নিহতরা হলেন, উপজেলার শাহজাদপুর গ্রামের বগালা মিস্ত্রি বাড়ির মৃত মতিলাল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫) ও একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রানী সূত্রধর (২৫)। আহতরা হলো, নিহত চন্দনার ১৮ মাস বয়সের শিশু কন্যা অর্পনা সূত্রধর, তার ভাই বিধান সূত্রধর (১৯), একটি বাড়ির পরিমল সূত্রধরের ছেলে শিমুল সূত্রধর (১৭) ও সিএনজি চালক (৩৫)। এরমধ্যে গুরুতর আহত বিধানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং শিমুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় নিহত নয়ন সূত্রধরের ভাই জয়ন্ত্র সূত্রধর জানান, তারা সবাই সিএনজি যোগে তার চাচাতো বোন নিহত চন্দনা রানী সূত্রধরের স্বামীর বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় শাহজাদপুর গ্রামে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বসুরহাট বাইপাস সড়ক অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, দুর্ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এনই
