এডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করতে আগ্রহী :আলমাস কবীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) কর্তৃক এশিয়ান ডেভেলপম্যান্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বেসিসের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি  সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি  ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (অর্থ)  মুশফিকুর রহমান। এডিবির পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিশিং চ্যান, এডিবির বাংলাদেশ প্রধান  মনমোহন প্রকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন জালাল আহমেদ, নির্বাহী প্রকল্প পরিচালক, এসইআইপি এবং  তালুকদার মোহাম্মদ সাব্বির, প্রধান প্রকল্প সমন্বয়ক, এসইআইপি, বিআইটিএম। উক্ত সভায় এসইআইপি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে এসইআইপি রূপরেখা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি, প্রকল্পের মেয়াদকাল বাড়ানো এবং ভবিষ্যত্ করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় বেসিস সভাপতি এসইআইপি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের সঙ্গে যৌথভাবে বেসিস এসইআইপি প্রকল্পটি প্রতিটি রূপরেখা মেনে বাস্তবায়িত হয়েছে জানিয়ে বেসিস সভাপতি বলেন, দীর্ঘমেয়াদিভাবে এডিবির সঙ্গে কাজ করতে আগ্রহী বেসিস। এসময় বেসিসের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে জোর দেন এডিবির সহ-সভাপতি শিশিং চ্যান।