টপঅর্ডারের ব্যর্থতা, কন্ডিশনে মানিয়ে নিতে না পারা এবং ভ্রমণ ক্লান্তি মিলে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ দল। নেপিয়ারে স্বাগতিকদের কাছে আট উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৪টায়। এই ম্যাচেই ক্যারিয়ারে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। ম্যাচের একাদশে থাকলেই মাশরাফির পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন মুশফিক।
ইতোমধ্যে ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, দলের সবাই সুস্থ আছেন। আজ হ্যাগলি ওভালে অনুশীলন করার কথা টাইগারদের। তিনি বলেছেন, প্রথম ম্যাচে হারলেও হতোদ্যম হয়নি মাশরাফি বাহিনী। প্রস্তুতির ঘাটতি সেখানে স্পষ্ট ছিল। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ায় এই ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজে সমতা ফেরানোর মিশন। হারলেই সিরিজ খোয়াতে হবে। নেপিয়ারে টপঅর্ডারের ব্যর্থতার পরও মিঠুন-সাইফউদ্দিনের ব্যাটিংয়ে দুইশ পেরিয়েছিল বাংলাদেশের স্কোর। ক্রাইস্টচার্চে তামিম-মুশফিকদের কাছে রান আশা করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে টপঅর্ডারে বড় ইনিংস আসলে স্বাগতিকদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে বলেই বিশ্বাস মাশরাফির দলের।
গতকাল পাইলট বলেছেন, ‘আমরা ক্রাইস্টচার্চে পৌঁছে গেছি। আমরা ক্রাইস্টচার্চে দল হিসেবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।’
নিউজিল্যান্ডে কয়েকভাগে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম খেলতে নামার আগে মাত্র একটি সেশন অনুশীলন করেছিলেন মাশরাফি, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। লম্বা ভ্রমণের ক্লান্তি কাটাতে পর্যাপ্ত বিশ্রামও পাননি। পাইলট বলেছেন, দলের সবাই এখন ভালো বিশ্রাম পেয়েছে। ক্রমেই কন্ডিশনে মানিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। তিনি বলেছেন, ‘শেষ ম্যাচে আমরা হেরেছি। আমাদের অনেকেই লম্বা ভ্রমণের ক্লান্তিতে ছিল, পর্যাপ্ত বিশ্রাম পায়নি। কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি। এখন আমরা ভালো বিশ্রাম পেয়েছি এবং ক্লান্তি কাটিয়ে উঠেছি। আমরা বিশ্বাস করি আমরা ভালো কিছু করতে পারব আগামী ম্যাচে।’
ক্রাইস্টচার্চে আজকের অনুশীলন সেশন বেশ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ শিবিরে। পাইলট বলেছেন, কালকের (আজ) দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনুশীলন রয়েছে। আশা করি ভালো অনুশীলন হবে এবং দলটা ভালোভাবে প্রস্তুত হবে ম্যাচের জন্য।
তামিম-মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও প্রথম ম্যাচে মিঠুন-সাইফউদ্দিন লড়েছেন ব্যাটিংয়ে। তবে ক্রাইস্টচার্চে টপঅর্ডারে বড় ইনিংস চায় বাংলাদেশ। পাইলট বলেছেন, ‘আমার মনে হয় আমাদের টপঅর্ডার জ্বলে উঠা প্রয়োজন। গাপটিলের মতো বড় ইনিংস খেলতে হবে। প্রথম ম্যাচে আমরা দেখেছি নিচের দিকে সাইফউদ্দিনও ভালো করেছে। তাতেই স্পষ্ট যদি আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতে পারে, তাহলে তারা এই ধরনের উইকেটে রান করতে পারবে।’
নেপিয়ারে দারুণ শুরুর পরও তা ধরে রাখতে পারেননি সৌম্য সরকার। পাইলটের আশা, দ্বিতীয় ম্যাচে যে ব্যাটসম্যানই ভালো শুরু করবে, তারা বড় ইনিংস খেলবে।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। নেপিয়ারে ১৯৯তম ওয়ানডে খেলেছেন মুশফিক। সবকিছু ঠিক থাকলে ক্রাইস্টচার্চেই ২০০তম ওয়ানডে খেলবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এই তালিকায় মাশরাফি-মুশফিকের পরেই আছেন সাকিব আল হাসান। তিনি ১৯৫টি ওয়ানডে খেলেছেন। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি এই অলরাউন্ডার।
