অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা আজ

ফিরতে পারেন কোহলি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ভারত এ বছরের বিশ্বকাপে অংশগ্রহণের আগে দল ঝালাইয়ের কাজটি শেষ করবে। যদিও দলের অধিকাংশ জায়গা চূড়ান্ত হয়ে গেছে।

আগামী মে মাসে ইংল্যান্ডে শুরু হবে ৫০ ওভারের এ বিশ্বকাপ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দুটি দিয়ে ভারতের নির্বাচকরা অবশিষ্ট জায়গাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারবেন। ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এ সফর।

ভারতীয় নির্বাচকরা এ সফরের জন্য আজ শুক্রবার স্বাগতিক দল ঘোষণা করবেন। ধারণা করা হচ্ছে- বিরাট কোহলি ও যশপ্রিত বুমরা এই সিরিজের মধ্য দিয়ে আবার ফিরে এসে দলকে নেতৃত্ব দেবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের পর তিনি বিশ্রামে ছিলেন।

বিসিসিআইএর এক সিনিয়র কর্মকর্তা ক্রিকেটনেক্সটকে বলেন, ‘নির্বাচকরা খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সারা বছরজুড়ে ভারতীয় দল অনেক ক্রিকেট খেলছে। সেজন্য খেলোয়াড়দের বিশ্রাম ও সেরে ওঠার জন্য অনেক সময় দরকার। কোহলি ফিরছেন, তাই সহঅধিনায়ক রোহিত শর্মাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে।’

আসন্ন সিরিজ দুটির সুবাদে নির্বাচকরা একজন বিকল্প ওপেনারের ব্যাপারে মনস্থির করতে পারবেন। যদিও এ ব্যাপারে কে এল রাহুল এগিয়ে আছেন। এছাড়াও একজন বিকল্প সিমার ঠিক করতে হবে নির্বাচকদের।

রঞ্জি ট্রফিতে সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী উমেশ যাদব ও জয়দেব উনাডকাটের নাম উঠে আসছে। খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ নিজেদের দাবি তুলে ধরার মতো নৈপুণ্য দেখাতে পারেননি।

এ দিকে রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে হয়তো ওয়ানডে সিরিজের শেষ দিকে বিশ্রাম দেয়া হতে পারে। যাতে রাহুল কিছু সুযোগ পান। এই সিরিজটি রিসাভ পন্থ ও দিনেশ কার্তিক উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কেননা তারাও রাহুলের মতোই জায়গা পেতে সংগ্রাম করছেন। দিল্লির উইকেটরক্ষক পন্থ সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ৪০ ও ২৮ রান করে নজর কেড়েছেন।

সব মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজটি হচ্ছে নির্বাচকদের জন্য বিশ্বকাপের দল চূড়ান্তের সেরা সময়।

সূচি

রবিবার, ২৪ ফেব্রুয়ারি   :    ১ম টি-২০ (বেঙ্গালুরু)

বুধবার, ২৭ ফেব্রুয়ারি    :    ২য় টি-২০ (বিশাখাপত্তম)

শনিবার, ২ মার্চ             :    ১ম ওয়ানডে (হায়দারাবাদ)

মঙ্গলবার, ৫ মার্চ           :    ২য় ওয়ানডে (নাগপুর)

শুক্রবার, ৮ মার্চ            :    ৩য় ওয়ানডে (রাচি)

শনিবার, ১০ মার্চ          :    ৪র্থ ওয়ানডে (মোহালি)

বুধবার, ১৩ মার্চ            :    ৫ম ওয়ানডে (দিল্লি)