অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকবেন এবং তার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক চিরদিন থাকবে বলে মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমিও।
৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা দলের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমটি দারুণ কাটাচ্ছেন। ২১ ম্যাচে ২১ বার লক্ষ্যভেদ করে দলকে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রাখতে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির আর মাত্র দুই বছর বাকি এবং যখন তা শেষ হবে তখন মেসির বয়স দাঁড়াবে ৩৪-এ।
ক্যারিয়ার সায়াহ্নে আর্জেন্টিনার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার অভিপ্রায় অনেক আগেই ব্যক্ত করেছেন মেসি। তবে এবার বার্সা সভাপতির কণ্ঠে শোনা গেল অন্য সুর। তার মতে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী কাতালানদের হয়েই ক্যারিয়ার শেষ করবেন। নতুন চুক্তিতে মেসির সম্মতি পাবার ব্যাপারেও তিনি বেশ আত্মবিশ্বাসী।
স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বার্তোমিউ বলেন, ‘লিও মেসি আমাদের সঙ্গেই খেলা চালিয়ে যাবে। সে এক ক্লাবের খেলোয়াড় এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক চিরদিনের।’
বার্তোমিউ জানান, ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে মেসিরও সম্মতি রয়েছে। তিনি বলেন, ‘সে আমাদের বলেছে সে এখানেই খেলা চালিয়ে যেতে চায়। আমরা তাকে পাঁচ বছরের একটি চুক্তির প্রস্তাব দিয়েছি এবং আশা করি এ ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবো আমরা।’
সাক্ষাতকারটির এক পর্যায়ে উঠে এসেছিল দলের কোচ আর্নেস্তো ভালভার্দে প্রসঙ্গও। বার্তোমিউ জানান, কোনো শিরোপা না জিতলেও পরবর্তী মৌসুমে দলে তাকে দেখতে চান তিনি। বার্সা সভাপতির ভাষায়, ‘আমি বিশ্বাস করি সে থাকবে। সে তার খেলোয়াড়দের বিশ্বাস করে এবং দলে এটি তার মাত্র দ্বিতীয় মৌসুম। আমাদের লক্ষ্য হচ্ছে ভালোভাবে এই মৌসুমটা শেষ করা এবং সবকিছু জেতা। দলের নেতৃত্বদানের ব্যাপারে আমি তাকে বিশ্বাস করি এবং যদি আমরা কিছু নাও জিতি তাহলেও সে দলের কোচের দায়িত্বে বহাল থাকবে।’
