টটেনহ্যাম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-০ গোলে হারিয়েছে।
গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতে হার ও শেষটিতে ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছিলো টটেনহ্যামের জন্য। সেখান থেকে উতরে নক আউট পর্বে আসা লন্ডনের ক্লাবটি নিজেদের অন্য রূপই দেখালো সফরকারী বরুসিয়াকে। বুধবার নিজেদের মাঠ ওয়েম্বলিতে সন হিউং মিন, ইয়েন ভেরটঙ্গেন ও ফার্নান্দো ইয়োরেন্তের লক্ষ্যভেদে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর এই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল।
জয়ের পর সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন,‘আমি খুবই খুশি, আমাদের খেলোয়াড়রা সবাই নায়ক। আমাদের জন্য এটা অনেক বড় জয় এবং এর কৃতিত্ব সব খেলোয়াড়েরই প্রাপ্য। আগের ম্যাচ খেলার পর একদিনেরও কম সময়ে এই ম্যাচ খেলতে হয়েছে, তাদের প্রশংসা করতেই হবে। কয়েকটা দিন বিশ্রামে থাকার সম্ভাবনাও অর্জন করেছে তারা।’
দক্ষিণ কোরীয় ফরোয়ার্ড সনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। এ নিয়ে শেষ চার ম্যাচেই লক্ষ্যভেদ করলেন তিনি। এছাড়াও এই মৌসুমে ১৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি, যার একটিতেও জয় ছাড়া মাঠ ছাড়েনি পচেত্তিনোর দল।
সংবাদ সম্মেলনে এই তথ্য জানার পর আর্জেন্টাইন কোচ কৌতুকের ছলে বলেন,‘পরেরবার সন গোল করলে আমি সাজঘরে চলে যাব, সেখানে গোসল করে আমি ম্যাচটা শেষ হবার অপেক্ষা করবো।’ তবে প্রতিপক্ষের মাঠে এমন হারের পরও হতোদ্যম হচ্ছে না ডর্টমুন্ড। দলের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ জানান- পরের লেগে তিন গোল করার ব্যাপারে আত্মবিশ্বাস আছে তার দলের। তিনি বলেন,‘আমরা এখন বাড়ি ফিরছি। ঘরের মাঠে তিন গোল না করতে পারার কোনো কারণ নেই। এর আগেও আমরা এটা করেছি। আমাদের শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে ম্যাচটিতে পা রাখতে হবে।’
