প্রথম বারের মতো বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বাফুফে তত্পরতা শুরু করেছে অনেক আগেই। তবে সমস্যা দেখা দিয়েছে যেখানে খেলা হবে সেখানে ফ্লাড লাইট নেই। ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল হবে। কিন্তু কমলাপুর স্টেডিয়ামে আগেও এএফসির নারী ফুটবল হলেও এই মুহূর্তে আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। অনেক কিছুই এখানে নেই। টুর্নামেন্ট আয়োজন করতে হলে কিছু কিছু জায়গায় সংস্কার করা দরকার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইট। ফ্লাডলাইটের টাওয়ার থাকলেও লাইট নষ্ট। বেশির ভাগ লাইট অকেজো হয়ে পড়ে রয়েছে। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন কমলাপুর স্টেডিয়ামের বিষয়গুলো নিয়ে গতকাল বিকালে ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়েছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠক করেছেন। ৬ দেশ নিয়ে ২৩ এপ্রিল থেকে ৩ মে অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবল।
