লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ মিনারটি অযত্ন-অবহেলায় পড়ে আছে বলে জানা গেছে। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এর চারপাশ। প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে মার্কেট। দীর্ঘদিন ধরে এখানে যাতায়াতের স্বাভাবিক পরিবেশ না থাকায় ইচ্ছা থাকলেও স্থানীয় সচেতন বাসিন্দারা আসেন না। গত সোমবার উপজেলায় মহান ভাষা দিবসের প্রস্তুতি সভায় স্থানীয় সাংবাদিকরা শহীদ মিনারটিকে তার যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনার দাবি জানায়।
জানা যায়, ১৯৭২ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর পরই স্থানীয় তরুণরা স্বেচ্ছাশ্রমে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ইট, বালু ও রড সংগ্রহ করে শহীদ মিনারটি নির্মাণ করেন। মিনারটিতে রয়েছে দুটি স্তম্ভ। একটি কালো ও অপরটি সাদা। লাল স্তম্ভের উপরে উদীয়মান সূর্য। কালোটিতে রয়েছে পাঁচটি প্রতীকী ক্ষত চিহ্ন। ২০০৮ সালে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এ শহীদ মিনারটিকে সম্পূর্ণ আড়াল করে এখানে একটি মার্কেট নির্মাণ করে। কিন্তু নির্মাণের পর মার্কেটটি চালু করতে পারেনি তারা। মার্কেট নির্মাণের ফলে শহীদ মিনারে প্রবেশের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। শহীদ মিনারটির সামনে উঁচু করে বসানো হয় মার্কেটটির সেপটিক ট্যাংক। সে সময় শহীদ মিনারের মর্যাদা রক্ষার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির সাথে জড়িত স্থানীয় বাসদ নেতা খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদ এ প্রতিবেদককে ক্ষোভের সাথে জানান, শহীদ মিনারটি উন্মুক্ত অবস্থায় রাখতে চেষ্টা করেও আমরা তখন পারিনি। মুক্তিযুদ্ধ চলাকালে এ স্থান সংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবনে পাকিস্তানি হানাদারদের ক্যাম্প ছিল। ক্যাম্পে নির্যাতনের পরে অনেককে হত্যা করে এখানেই মাটি চাপা দেয়া হয়েছে।
কমলনগর উপজেলার মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সফিক উদ্দিন ও যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ আবু তাহের জানান, আমরা কমলনগর মুক্ত করার পর এ স্থান থেকে অনেকের লাশ উদ্ধার করি। শহীদ মিনারের পরিকল্পানাকারী ও ডিজাইনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন ছাত্র ও বর্তমানে আইনজীবী খায়ের এজাজ মাসুদ। তিনি জানান, শহীদ মিনারটি অবমাননাকর অবস্থায় পড়ে আছে। এর চারপাশ মল-মূত্র আর আবর্জনায় পরিপূর্ণ। এ অমর্যাদাকর অবস্থা থেকে শহীদ মিনারটি রক্ষা করা প্রয়োজন। তিনি আরো বলেন, প্রয়োজনে মার্কেট ভেঙে শহীদ মিনার রক্ষার উদ্যোগ নেওয়া যেতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, তখন যারা শহীদ মিনারটি ঢেকে দিয়ে মার্কেট নির্মাণ করেছিল তারা অন্যায় করেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হবে।
