বান্দরবানে শিমের বাম্পার ফলন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

বান্দরবানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের উদ্ভাবিত উচ্চ ফলনশিল বারী-৬ জাতের হাইব্রিড শিমের চাষ বাড়ছে। স্থানীয়দের কাছে গিরা শিম নামে পরিচিত হাইব্রিড শিমের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে।

কৃষি বিভাগের মতে, চলতি মৌসুমে বান্দরবান জেলার সাতটি উপজেলায় ৬১৫ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার শিম চাষ বেড়েছে ৬০ হেক্টর জমিতে। গত বছর উত্পাদন হয়েছিল সাত হাজার ৯৫৪ মেট্টিক টন। এবছর সেটিও ছাড়িয়েছে দাবী কৃষকের। এতদিন মূলত সীতাকুণ্ড ভ্যারাইটি এবং ইপসা উন্নত ভেরাইটি দুই জাতের শিম চাষ বেশি হতো। কিন্তু কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহায়তায় উদ্ভাবিত বারী-৬ জাতের উচ্চ ফলনশিল শিমের চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলে। কুহালং ইউনিয়নের শিম চাষি নুমেচিং, চাথোয়াই মারমা বলেন, ক্যায়ামলং, ভরাখালী, ডলুপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে কৃষি গবেষণা ফাউন্ডেশনের উদ্ভাবিত বারী-৬ জাতের উচ্চ ফলনশিল শিমের বাম্পার ফলন হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ খলিলুর রহমান ভুঁইয়া জানান, স্থানীয় কৃষকদের কাছে গিরা শিম নামে পরিচিত এই জাতটি সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ী অঞ্চলে। কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে শিমের জাতটি চাষাবাদে। বাজারে শিমটি বিক্রি করে ভালো দামও পাচ্ছে কৃষকেরা। কৃষকদের মাঝে বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপাদানসহ পরামর্শ দিয়ে যাচ্ছেন ফাউন্ডেশন।