চট্টগ্রাম নগরীতে ট্রাক চলাচলের ওপর কড়াকড়ি শিথিল করেছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিএমপি কমিশনার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ট্রাক মালিক সমিতি নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে নগরীতে ট্রাক চলাচলের সময়সীমা বতর্মানের চেয়ে দুইঘণ্টা বাড়ানো হয়। এখন থেকে রাত আটটার পরিবর্তে সন্ধ্যা থেকেই নগরীতে ট্রাক চলাচল করতে পারবে। গতকাল চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনারের সাথে বৈঠকে নগরীতে নির্দিষ্ট কিছু রুটে ট্রাক, কাভার্ডভ্যান, লড়ি ইত্যাদি রাত ৮টার পরিবর্তে সন্ধ্যার পর থেকে চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে শুধুমাত্র চাল, ডাল ও গম পরিবহনে অনধিক ৫০টি গাড়ি সিএমপি ও চেম্বার অনুমোদিত স্টিকার ব্যবহারসাপেক্ষে দিনের বেলায় চলাচল করতে পারবে। দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহুর আহাম্মদ ও উত্তর চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসানউল্ল্যা চৌধুরী (হাসান) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে চট্টগ্রাম নগরীতে দিনের বেলায় ট্রাক, কাভার্ড ভ্যান ও লড়িসহ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই নিয়ম মানার ব্যাপারে চালকদের মধ্যে বরাবরই অনীহা লক্ষ্য করা যায়। সম্প্রতি নগরীতে দিনের বেলায় ভারী যানবাহনের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। তবে ব্যবসায়ীদের স্বার্থে ট্রাক চলাচলের সময়সীমা শিথিল করায় নগরীতে আবার দুর্ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন নগরবাসী।
