বিশ্বাস ও আস্থার অভাব শুভ নয়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা অনেক কঠিন কাজ। এটা অর্জন করতে অনেক সময় লাগে। লাগে কঠোর পরিশ্রমও। কিন্তু হারাতে তেমন একটা বেগ পেতে হয় না বললেই চলে।

রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা—সবখানেই মানুষের আস্থা ও বিশ্বাস থাকা চাই। আস্থা ও বিশ্বাস সমার্থক শব্দ। আস্থা মানেই বিশ্বাস, ভরসা, আশ্রয়, অবলম্বন ইত্যাদি। আর বিশ্বাস মানে পারিপার্শ্বিক বস্তুসমূহ ও জগত্ সম্পর্কে যেকোনো ব্যক্তির স্থায়ী প্রত্যক্ষণকৃত ধারণা, উপলব্ধি, জ্ঞান ও তার নিশ্চয়তার ওপর আস্থা। অর্থাত্ কথা একই।

আমরা বলি, ‘বিশ্বাসে মিলায় বস্তু’। তার মানে বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি বস্তু। একবার বিশ্বাসে ঘুণ ধরলে সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই বিশ্বাস যেমন নিজের ওপর থাকা চাই, তেমনি অন্যের প্রতিও। বিভিন্ন ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের প্রতিও। বিশেষ করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের প্রতি ও তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের প্রতি মানুষের অটুট বিশ্বাস থাকা চাই, আস্থা থাকা চাই। এর ব্যত্যয় ঘটলে সবকিছু মূল্যহীন হয়ে পড়ে।

‘কত অজানারে’ শংকরের প্রথম উপন্যাস। এই উপন্যাসে দেখানো হয়েছে, ইংরেজ আমলে তাদের গড়া কোর্ট-আদালতের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস স্থাপন করতে তাদের কতটা চেষ্টা-চরিত্র করতে হয়েছে। দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এক সময় একে বলা হতো নখ-দন্তহীন। এখন দুদক বিভিন্ন ক্ষেত্রে অভিযান চালাচ্ছে। তারপরও মানুষ বলছেন, দুদক চুনোপুটি ধরছে, রুই-কাতলারা পার পেয়ে যাচ্ছে। মাদকবিরোধী অভিযানের ক্ষেত্রেও প্রযোজ্য একই কথা।

আমরা দুই একটি উদাহরণ দিলাম মাত্র। এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে মানুষের আস্থার জায়গাটিতে চিড় ধরেছে। আবার শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথাই বলি কেন, অন্যান্যা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও রয়েছে এই আস্থা ও বিশ্বাসহীনতা। পারিবারিক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান কি আজ ভেঙে পড়ছে না বা ভেঙে পড়ার উপক্রম হয়নি? বিশ্বাস ও আস্থা না থাকলে কী হয়? আমরা আহাম্মকের জগতে বাস করি। বিশ্বাসের বিপরীত শব্দ হচ্ছে অবিশ্বাস, সন্দেহ ও সংশয়। তা যৌক্তিক হোক কী অযৌক্তিক তাতে যায় আসে না। মনে একবার সন্দেহ বাসা বাঁধলে রক্ষে নেই। কত ধরনের সন্দেহের দোলায় যে দুলছে মানুষ তার কোনো কি ইয়ত্তা আছে?

এমতাবস্থা চলতে থাকলে নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। সুযোগসন্ধানীরাও তার সুযোগ নিতে দ্বিধা করে না। অতএব, বিশ্বাস ও আস্থার যে অভাব তা শুভ নয়। মানুষের এই বিশ্বাস ও আস্থার জায়গাটিতে আমাদের উন্নতি সাধন করতে হবে।

n লেখক: সাংবাদিক