পাথরঘাটায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাথরঘাটায় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝাঁপের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করতে চেষ্টা করছেন। দলীয় মনোনয়ন ও প্রতীক পেতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের কাছে নিজেদের ইমেজ বাড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেসবুকে স্ট্যাটাস, ব্যানার, ফেস্টুন, লিফলেট, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে প্রার্থিতার বিষয়ে জানান দিচ্ছেন তারা।

তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী মাঠে দেখা গেলও বিএনপি প্রার্থী হিসেবে কাউকে দেখা যায়নি। অনেকেরই ধারণা- দলীয় প্রতীকে নির্বাচন হলে যিনি দলীয় প্রতীক পাবেন তিনি জয়ের ব্যাপারে এগিয়ে থাকবেন। সব মিলিয়ে আসন্ন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে একক মনোনয়ন কে পাচ্ছেন এ দিকেই তাকিয়ে আছেন পুরো উপজেলাবাসী।

পাথরঘাটাতে আওয়ামী লীগের প্রায় দুই ডজনেরও বেশি প্রার্থী হতে চান চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান তিনটি পদে। এর মধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস-চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুইজনের নাম আলোচনা চলছে।

এবার এই উপজেলায় চেয়ারম্যান পদে পাথরঘাটা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল, সভাপতি আলমগীর হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম ও কালমেঘা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আকন মো. শহিদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির জানান, নিজের ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছি। আমার ইচ্ছা পাথরঘাটাকে একটি মডেল উপজেলায় রূপান্তিত করা।