একটি শিশু জন্মের পর পরই অক্সিজেন দরকার। কিন্তু জনসংখ্যা অনুপাতে গাছের সংখ্যা খুবই কম। অথচ শিশু জন্মের পর অক্সিজেনের চাহিদা বাড়লেও, গাছের সংখ্যা বৃদ্ধি পায় না। এই ভাবনা থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামের গোপাল চন্দ্র বর্মণ গাছবন্ধু এলাকায় কোনো শিশু জন্মের খবর পেলে গাছ হাতে ছুটে যান তার বাড়িতে। তারপর নিজের হাতেই ওই নবজাতকের বাড়ির উঠানে উপহার হিসেবে একটি ফলদ গাছ লাগিয়ে দেন। পানি দেন গাছের গোড়ায়। নবজাতকের মা-বাবাকে সেটি যত্ন করতে পরামর্শ দেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের (২০১৯ সাল) ৩০ জানুয়ারি পর্যন্ত ৮৪৫টি শিশুর বাড়িতে গোপাল চন্দ্র বর্মণ গাছবন্ধু গাছের চারা (কলম চারা) বিনামূল্যে রোপণ করেছেন।
