বড়াইগ্রামে সঞ্জিত বিশ্বাস নামে এক সংখ্যালঘু মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যার পর লাশ শ্মশানে ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া শ্মশান এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সঞ্জিত বিশ্বাস একই গ্রামের সত্যেন বিশ্বাসের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি উপজেলার বাঘাইট বাজারে মুদি ব্যবসা করতেন। নিহতের পরিবারের বরাতে নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু জানান, বুধবার সন্ধ্যার দিকে সঞ্জিত বিশ্বাস বাঘাইট বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে রাত আটটা থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বড়াল নদীর ধারে শ্মশানের পাশে সঞ্জিতের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম জানান, সংখ্যালঘু মুদি ব্যবসায়ীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।
