কারেন্ট জাল ধ্বংস করতে হবে ...........................মত্স্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, কারেন্ট জাল ধ্বংস করতে হবে। কারেন্ট জাল ধ্বংস করতে না পারলে দেশীয় সকল প্রজাতির মাছ সংরক্ষণ সম্ভব নয়। বর্তমান সরকার মত্স্য সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। গবেষণার মাধ্যমে মত্স্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইতোমধ্যে বিলুপ্ত প্রায় ১৯ প্রজাতির মাছের জিনপুল সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন।

বুধবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর পরির্দশনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, সমৃদ্ধি ও সর্বোপরি দারিদ্র্য দূরীকরণে মত্স্য খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও কর্মসূচি বাস্তবায়নের ফলে এ খাতের উন্নয়ন ক্রমাগতভাবে বেড়েই চলেছে। ফলে দেশের বর্ধিত জনগোষ্ঠীর প্রাণিজ আমিষ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গবেষণা ও পরিচালক ড. মো. নুরুল্লাহ, প্রশাসন ও অর্থ পরিচালক ড. মো. খলিলুর রহমান, যুগ্ম সচিব মাহবুবা পান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম মাঠ পর্যায়ে পরিদর্শন করেন এবং গবেষণা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।