রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন রসুলপুর দরবার শরিফে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। নিহত মিলন হোসেন পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ও জামাল হোসেন একই গ্রামের মৃত কাতেব আলীর ছেলে। তাদের এ অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার।
গতকাল বৃহস্পতিবার নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে পূর্ব বাঁশবাড়িয়া গ্রাম থেকে ৩৫জন যাত্রী নিয়ে একটি বাসযোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন রসুলপুর দরবার শরিফের উদ্দেশে রওনা হয়। এরপর রাত ২টার দিকে তাদের গাড়িটি রাজবাড়ীর পাংশা উপজেলায় মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন ও জামাল নিহত হয়।
উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
