কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর লেখা ‘পঞ্চপ্রহর’ বইয়ের প্রকাশনা উত্সব ও একক বক্তৃতা অনুষ্ঠিত হয়। গত বুধবার এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরিন আখতার বলেন, সাহিত্য এমনই বিষয় যা আমাদের এখনো মূল্যবোধ শিক্ষা দেয় এবং সমাজকে কল্যাণের দিকে এগিয়ে নেয়। এছাড়াও প্রধান বক্তা মনোয়ারুল হক সামাজিক পুঁজি বিষয়ে বলেন, বর্তমান সমাজে যে এত হানাহানি, মারামারি তার একমাত্র কারণ সামাজিক মূল্যবোধের অভাব। সামাজিক পুঁজি বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা।
উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, এখন আমাদের পরস্পরের প্রতি বিশ্বাসেরই একমাত্র অভাব। আমাদের সামাজিক মূল্যবোধ ও পরস্পরের সাথে পরস্পরের বিশ্বাস আর ভালোবাসা বাড়ানো দরকার।
জয়কলি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

