জামিনে মুক্তি পেলেন র্যাপলারের প্রধান মারিয়া রেসা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেলেন ফিলিপাইনের আন্তর্জাতিক পুরস্কার জয়ী সাংবাদিক মারিয়া রেসা। মানহানির অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ফিলিপাইন সরকারের কট্টর সমালোচক রেসা নিউজ ওয়েবসাইট র্যাপলারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টি-গেশনস (এনবিআই) সাইবারক্রাইম ইউনিটের কর্মকর্তারা রাজধানী ম্যানিলায় সাইটটির সদরদপ্তর থেকে ওইদিন তাকে গ্রেপ্তার করে। মুক্ত সংবাদপত্রের পক্ষের আন্দোলনকারীরা মনে করেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করাই তাকে গ্রেপ্তার করা হয়। সাত বছর আগের এক প্রতিবেদনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সর্বসাম্প্রতিক অভিযোগটি তোলা হয়েছে। খুন এবং মানব ও মাদক পাচারের একটি ঘটনায় এক ব্যবসায়ীর নাম জড়িয়ে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এক গোয়েন্দা রিপোর্টের তথ্যের বরাত দিয়ে করা ওই প্রতিবেদনে উল্লিখিত ব্যবসায়ীর সঙ্গে এক সাবেক বিচারকের কথিত সম্পর্কের কথাও বলা হয়েছিল। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তার কমপক্ষে ১২ বছরের কারাদণ্ড হতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মতে, রেসার ওয়েবসাইটটি ‘ভুয়া নিউজ সাইট’। রেসার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত- এমন অভিযোগ এর আগে অস্বীকারও করেছেন তিনি। তার অনুষ্ঠানগুলোতে র্যাপলারের কর্মীদের নিষিদ্ধ করেছেন তিনি। গত বছর সরকার র্যাপলারের লাইসেন্সও বাতিল করেছিল।