এ৩৮০ সুপারজাম্বো উড়োজাহাজ উত্পাদন বন্ধ করছে এয়ারবাস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের এ৩৮০ ‘সুপারজাম্বো’ উড়োজাহাজের উত্পাদন বন্ধের ঘোষণা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এ যাত্রীবাহী উড়োজাহাজটির শেষ চালান ২০২১ সালে ক্রেতার কাছে সরবরাহ করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন তারা। দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস আগের দেওয়া চাহিদাপত্রের তুলনায় কমসংখ্যক এ৩৮০ কেনার আদেশ দেওয়ার পর এয়ারবাস এ সিদ্ধান্ত নিল।

সাম্প্রতিক বছরগুলোতে দামি এ ‘সুপারজাম্বো’ উড়োজাহাজটিকে ছোট ও তুলনামূলক কার্যকর অন্যান্য মডেলের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছিল। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এয়ারবাস জানায়, এমিরেটস আগে ১৬২টি এ৩৮০ উড়োজাহাজ কেনার চাহিদাপত্র দিলেও সম্প্রতি তা কমিয়ে ১২৩টি করেছে। দুবাইভিত্তিক এ কোম্পানিই এ৩৮০-র সবচেয়ে বড় ক্রেতা। “এ সিদ্ধান্তের কারণে আমাদের কাজ কমে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের চেষ্টা সত্ত্বেও অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে বিক্রির হারের তুলনা করে এ ধরনের উড়োজাহাজের উত্পাদন টিকিয়ে রাখার যৌক্তিক কোনো কারণও পাওয়া যাচ্ছে না। ২০২১ সালেই আমরা শেষ এ৩৮০ গুলোর সরবরাহ কাজ শেষ করব। “সারা বিশ্বের যাত্রীরাই চমত্কার এ উড়োজাহাজটিতে করে ভ্রমণ পছন্দ করত। সে কারণেই আজকের এ ঘোষণা বিশ্বজুড়ে আমাদের এবং এ৩৮০-র সঙ্গে জড়িত সকলের জন্য খুবই বেদনাদায়ক,” বলেছেন এয়ারবাসের প্রধান নির্বাহী টম এন্ডারস।

এ৩৮০-র উত্পাদন বন্ধের সিদ্ধান্তে আগামী তিন বছরে ইউরোপীয় এ বিমান কোম্পানি ও এর অংশীদার প্রতিষ্ঠানে কাজ করা তিন থেকে সাড়ে তিন হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।