বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ বিনিয়োগ বাড়ানো: এডিবির ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৫

বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যান বলেছেন, বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ বিনিয়োগ বাড়ানো। সরকারি ও বেসরকারি উভয় খাতেই এই চ্যালেঞ্জ রয়ে গেছে। মানব সম্পদ গঠন ও দক্ষ জনশক্তি তৈরিসহ অবকাঠামোর বিনিয়োগে ঘাটতি রয়েছে। তিন দিনের সফর শেষে এডিবির এক প্রেস বার্তায় তিনি এ কথা উল্লেখ করেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব মো. মনোয়ার হোসেনের সাথে সাক্ষাত্ করেন। বাংলাদেশের আর্থসামাজিক খাতে অগ্রগতি এবং নির্বাচিত হয়ে নতুন সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেন তিনি। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তাছাড়া এডিবির সহায়তায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এডিবি উল্লেখ করেছে, দেশ সহায়তার কৌশল পত্র ২০১৬-২০২০ মেয়াদে বাংলাদেশে ৮শ’ কোটি ডলারের বেশি সহায়তা করবে এডিবি। এর আগে ২০১১-২০১৫ মেয়াদে এডিবি বাংলাদেশে ৫শ’ কোটি ডলার সহায়তা দিয়েছে। এডিবি বাংলাদেশে পরিবহন, জ্বালানি, নগরায়ন, গ্রামীণ অবকাঠামো, দক্ষতার উন্নয়ন, জলবায়ুর উন্নয়নসহ বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে। সেইসাথে আঞ্চালিক করিডোরের যোগাযোগ উন্নত করতেও সহায়তা করছে। গত বছর এডিবি বাংলাদেশকে ২১৫ কোটি ডলার দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের অনুকূলে চুক্তিবদ্ধ হয়েছে। এরমধ্যে কক্সবাজারে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় জন্য ১০ কোটি ডলার অনুদান রয়েছে।