বগুড়ায় তিন দিনব্যাপী নদী মেলার উদ্বোধন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

নদী রক্ষা ও পরিবেশ বাঁচানোর লক্ষ্য নিয়ে বগুড়ায় নদীমেলা নামে ভিন্নধর্মী মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শহরের শহীদ খোকন পার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী নদী মেলা। মেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

নতুন প্রজম্মের কাছে নদীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহযোগিতায় বগুড়া জেলা নদী রক্ষা কমিটি ও নদী বাঁচাও বগুড়া যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।  উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন  বগুড়া জেলা শাখার সভাপতি আনোয়ারুল করিম। সভায় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুস সামাদ, নদী মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, বাপার সদস্যবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, বগুড়া থেকে শুরু হলো নদী বাঁচাও আন্দোলন। বগুড়ার নদীগুলো বাঁচানোর জন্য নদী রক্ষা ও নদী বাঁচাও এর সাথে জেলা প্রশাসনও যুক্ত হলো। নদীর ক্ষতি হলে ক্ষতিকারকদেরও শাস্তি হবে। যারা নদী ভরাট করে পরিবেশ নষ্ট করার সাথে যুক্ত রয়েছে তাদেরকে এসব অপকর্ম থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নদী রক্ষায় নদী খননের কাজ হাতে নিয়েছে। নদীর ক্ষতি যেই করুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।

মেলায় মোট ৪টি নদীর নামে স্টল দেয়া হয়েছে। এগুলো হচ্ছে— যমুনা, বাঙালি, করতোয়া ও নাগর নদী। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে একটি স্টল দেয়া হয়েছে।