কাশ্মিরে জঙ্গি হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০

ফের বড় ধরনের জঙ্গি হামলায় রক্তাক্ত হলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। গতকাল বৃহস্পতিবার বিকেলে  পুলওয়ামায় সিআরপিএফ’র কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি। এর বিস্ফোরণে ৪০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জওয়ানদের জীবন উত্সর্গ বৃথা যাবে না।  

পুলিশ সূত্রে জানা গেছে, পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের উপর দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সিআরপিএফ’র ৭৮টি গাড়ির কনভয়। সিআরপিএফ মহাপরিচালক আরআর ভাতনাগার বলেছেন, এটি সবচেয়ে বড় কনভয়। আড়াই হাজারের বেশি জওয়ান এসব গাড়িতে যাত্রা করছিলেন। পুলিশ জানায়, ইমেপ্রাভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোঝাই একটি গাড়ি কনভয়ের ভেতরে ঢুকে পড়ে। ধারণা, আদিল আহমেদ নামের এক জঙ্গি এই হামলা চালায়—যে গত বছর জয়শ-ই-মোহাম্মদে যোগ দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, ওই গাড়িতে অন্তত ৩৫০ কেজি বিস্ফোরক ছিল। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিও চালায় বলে দাবি পুলিশের। আত্মঘাতী বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না উপত্যকার পুলিশ প্রধান দিলবাগ সিংহ। যে শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই স্থানটি সর্বদা কড়া নিরাপত্তায় মোড়া থাকে। বিস্ফোরণের সময়ও রাস্তায় টহল দিচ্ছিল সিআরপিএফ, কাশ্মির পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। তাদের নজর এড়িয়ে কিভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জঙ্গিরা হামলা চালালো তা খতিয়ে দেখছে তদন্ত দল।

বার্তা সংস্থা পিটিআই জানায়, ওই ঘটনায় অন্তত ৪০ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ (জেইএম) হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে পুলিশ এবং সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন। এর আগে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৯ জন সেনাকর্মী। ৪ জন জঙ্গিও মারা যায় ওই ঘটনায়। তবে গতকালের হামলা আগেরটাকে ছাপিয়ে গেছে। গোয়েন্দা ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সাবেক সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর মতে, এটা গোয়েন্দা ব্যর্থতার কারণেই হয়েছে। প্রধানমন্ত্রী মোদী হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছেন, জওয়ানদের আত্মোত্সর্গ বৃথা যাবে না। পুরো জাতি তাদের পরিবারের পাশে দাঁড়াবে। হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিভিন্ন দলের রাজনীতিকরা। - টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা