পৃথক স্থানে দুই মাদ্রাসা শিক্ষার্থীসহ নিহত ৭

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীসহ সাত জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরে মোটরসাইকেল চাপায় মো. আব্বাস (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্বাস হায়দরগঞ্জ তাহেরিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

লামা (বান্দরবান): লামা উপজেলার ফাঁসিয়াখালী গুলিস্তান আশরাফিয়া মাদ্রাসার ছাত্র আরাফাত উদ্দিন (১১) নিহত হয়েছে। গতকাল ফাঁসিয়াখালী ইউনিয়নের পূর্ব হায়দারনাশী নাগু সওদাগরের বাড়ির পাশে টমটমের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত একই ইউনিয়নের ডান হাতির ছড়া মীর হোসেন মিনুর ছেলে।

যশোর: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজারে গতকাল বাস চাপায় মনোরঞ্জন সাহা নামে এক আওয়ামী  লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় যশোর-খুলনা রুটের বাস চলাচল প্রায় ঘণ্টা খানেক বন্ধ ছিল।

রাজশাহী: মুরালিপুরে ট্রলি চাপায় বৃদ্ধ মঞ্জুর ঘোষ (৭৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগছ এলাকায় ট্রাক্টরের চাপায় বাবুল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভজনপুর-গোলাপদিগছ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাবুল পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট ডুমারি এলাকায় মনিবর রহমানের ছেলে।

ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়ায় ২ দিনের ব্যবধানে আবারও বাস উল্টে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন নারী-পুরুষ ও শিশু। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নরনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে। এ সময় বাসে থাকা যাত্রী বৃদ্ধা উখড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী নাছিমা বেগম (৫৫) নিহত হন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ- েসানামসজিদ মহাসড়কের রানীহাটি ডিগ্রি কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মা নিহত হয়েছেন। তিনি রানীহাটি এলাকার মৃত   রফিকুল ইসলামের স্ত্রী আকলিয়াম বেগম (৪০)। বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।