প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলায় সামরিক অভিযান নিয়ে ভাবছেন না। তিনি বলেছেন, দেশটির বতর্মান সংকট নিয়ে তিনি সব বিকল্প চিন্তা করছেন, তবে সামরিক অভিযান নয়। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আন্তর্জাতিক সমপ্রদায়কে তার দেশের পাশে থাকার আহবান জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি’র
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিকল্প সব উপায় নিয়ে ভাবছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকু মারকোয়েজের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, সমাধানের অনেক পথ আছে। আমরা সেগুলো নিয়ে ভাবছি। সামরিক অভিযানের কথা চিন্তা করছেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি কখনো সামরিক অভিযানের কথা বলিনি। কিন্তু এর আগে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক অভিযানকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন। উল্লেখ্য, কংগ্রেস সামরিক অভিযানকে অনুমোদন দেবে না বলে বুধবার জানিয়েছিলেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এঞ্জেল।
আন্তর্জাতিক সমপ্রদায়কে ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার রাজধানী কারাকাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অব্যাহতভাবে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যাচ্ছেন। ফলে বিশ্বের সব দেশের প্রতি তার আহ্বান, তারা যেন ভেনিজুয়েলার সঙ্গে সংহতি প্রকাশ করে।
