বাগেরহাটের রামপালে বোমা হামলা চালিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আখতারকে (৫২) হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে রামপাল উপজেলার ভরসাপুর বাজার এলাকায় একদল সন্ত্রাসী তার উপর বোমা হামলা চালালে তিনি নিহত হন। বাগেরহাটের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে কারা কি কারনে তার উপর বোমা হামলা চালিয়েছে তা তাত্ক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। খাজা মঈনুদ্দিন আখতার রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি রামপালের বামুনডহর গ্রামে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা খাজা মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারে রাস্তায় দাঁড়িয়ে নজু শেখ নামে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী পিছন থেকে তার উপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হয় এবং চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় খাজা মঈনুদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক রিপন রায় রাত সাড়ে আটটার দিকে বলেন, খাজা মঈনুদ্দিন আখতারকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছি।
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিনের উপর যারা বোমা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
