ঢাকার নবাবগঞ্জে আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তত্পর হয়ে উঠেছেন। ইতোমধ্যে দোহার ও নবাবগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ঢাকায় তার নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হন। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আব্দুল বাতেন মিয়া, নাসির উদ্দিন আহমেদ ঝিলু, মো. জালাল উদ্দিনসহ একাধিক নেতাকর্মী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারণা নেই এই উপজেলায়।
নবাবগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে দলের কোন্দল ও গ্রুপিং এর কারণে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। ফলে কাঙ্ক্ষিত চেয়ারম্যান পদটি বিএনপির ঘরে চলে যায়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক দুই দুইবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে উপজেলার চেয়ারম্যান হন। এবার মাঠ পর্যায়ে কিছুটা ভিন্নচিত্র দেখা যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা চেয়ারম্যান কে হবেন এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন মিয়া এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু অংশগ্রহণ করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে এবারও তারা দু’জন জোর চেষ্টা চালাচ্ছেন।
আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন মিয়া বলেন, দলের দুর্দিনে সংগঠনকে ধরে রেখেছি, দলের জন্য কাজ করেছি। অনেক অত্যাচার, হামলা, মামলার শিকার হয়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। দল আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে। নেত্রী সুযোগ দিলে নবাবগঞ্জ উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, সততার সাথে আমি ও আমার পরিবার দলের জন্য একনিষ্ঠ হয়ে কাজ করছি। দল আমাকে মনোনয়ন দিলে দোহার নবাবগঞ্জের বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান নবাবগঞ্জের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছেন আমি সেই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তার পাশে থেকে কাজ করবো।
অপরদিকে সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তিনি দলীয় মনোনয়ন পেলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নবাবগঞ্জের উন্নয়নে কাজ করবেন বলে জানান।
