না.গঞ্জে নগরভবনে খেয়াঘাটের টেন্ডার নিয়ে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৭

সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন খেয়াঘাটের টেন্ডারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও লক্ষ্মীনারায়ণ বাজার সমিতির সভাপতি মনির মাতবর ও যুবলীগ নেতা হালিম শিকদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরভবনের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন খেয়াঘাটের টেন্ডারের জন্য আওয়ামী লীগ নেতা ও লক্ষ্মীনারায়ণ বাজার সমিতির সভাপতি মনির মাতবর ও যুবলীগ নেতা হালিম শিকদার দু’জনই আবেদন করে। মনির মাতবর ৬ লাখ ৫০ হাজার টাকার টেন্ডার জমা দেন। বিপরীতে হালিম মাতবর ৬ লাখ ৫২ হাজার টাকার টেন্ডার জমা দিলে তিনিই টেন্ডারটি পেয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে মনির মাতবরের ছেলে রুবেল হালিম মাতবরের লোকজনের উপর চড়াও হয়। এতে ক্ষেপে যায় হালিম মাতবরের লোকজন। এক পর্যায়ে নগরভবনের ভেতরেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিবৃত্ত করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুইপক্ষ নগরভবন ছেড়ে চলে যায়। এ বিষয়ে জানতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এফএম এহতেশামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।