সিদ্ধিরগঞ্জে কোচিং সেন্টারে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৮

সিদ্ধিরগঞ্জে হিরাঝিল আবাসিক এলাকার রেডিয়্যান্স কোচিং সেন্টারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার বিকালে র্যাব-১১ অভিযান চালিয়ে কোচিং সেন্টারের এক পরিচালক ও শিক্ষককে ২ হাজার টাকা করে জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। 

র্যাব জানায়, সরকারি প্রজ্ঞাপন জারির পরও আইন অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অভিযোগে ওই কোচিং সেন্টারকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় কোচিং সেন্টারের পরিচালক মোঃ রিয়াজ হোসাইন ও শিক্ষক মোঃ ফয়সালকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-১১ এর এএসপি মোঃ নাজমুল হাসান জানান, কোচিং সেন্টারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।