ইজতেমায় বিশৃঙ্খলা হলে দায় তাবলিগের মুরুব্বিদের :র্যাব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৫

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্ব ইজতেমায় আসা তাবলিগ জামায়াতের মুরুব্বিদের বা তাদের কোনো গ্রুপের ভুলের কারণে যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তা হলে তাদের দায় তাদেরকেই  নিতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিশ্ব ইজতেমার নিরাপত্তার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তাবলিগের মুরুব্বি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে র্যাব প্রধান বলেন, যেভাবে সরকারের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয়েছে সেভাবেই সবাই নিয়ম মেনে চলবেন। প্রথম গ্রুপ ইজতেমা শেষে শান্তিপূর্ণভাবে  প্রস্থান করবেন, পরে আরেক গ্রুপ প্রবেশ করবেন।  আমরা আশা করবো- ইজতেমার দায়িত্বশীলরা ব্যক্তিগত ও সামষ্টিকভাবে রাষ্ট্র কিংবা ইসলামের কাছে দায়বন্ধ থাকবেন। কারও ব্যর্থতা বরদাশত করা হবে না।

বেনজীর আহমেদ আরো বলেন, ইজতেমা নিয়ে গত এক বছরে মতভেদ সৃষ্টি হয়েছিল। অনেক আলাপ-আলোচনা এবং দেন-দরবারের পর মতভেদ দূর হয়েছে। তাই এবারের ইজতেমায় নিরাপত্তা চ্যালেঞ্জ বেশি। প্রতিবছর ইজতেমা ঘিরে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে এর সঙ্গে এবার বাড়তি কিছু যুক্ত হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এসব বিষয় মাথায় রেখে এবার সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগে তৃতীয়  পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি এ ধরনের অপচেষ্টা চালায় তাহলে আমরা তাদের  সমূলে বিনষ্ট করতে সক্ষম হবো।

উল্লেখ্য, আজ শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। ইতোপূর্বে ইজতেমা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলেও এবার মুসল্লিদের মতভেদের কারণে ধর্ম মন্ত্রণালয় তা ৪ দিন নির্ধারণ করেছে।

আজ ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন ঢাকার কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা। প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে আগামীকাল শনিবার। আখেরি মোনাজাত শেষে যোবায়ের অনুসারী মুসল্লিরা শনিবার রাতের মধ্যেই ইজতেমা মাঠ ছেড়ে যাবেন। এরপর ১৭ ফেব্রুয়ারি রবিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভীর (ওয়াসিফুল ইসলামের) অনুসারীরা। এ পর্বের আখেরি মোনাজাত হবে ১৮ ফেব্রুয়ারি সোমবার।