ঢাকা নিউমার্কেটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে দোকান বরাদ্দ দেওয়ার প্রকল্পের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। এই রায়ের ফলে এক তলা বিশিষ্ট নিউমার্কেটের উপর স্টিলের কাঠামো দিয়ে যে দোকান নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছিল তা করার আর সুযোগ থাকল না বলে জানিয়েছে আইনজীবীরা।
গত বছরের জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিউমার্কেটের মূল কাঠামোর উপরে স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়ে বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়। এরপরই নিউমার্কেটের ব্যবসায়ীরা প্রতিবাদ জানান। পরে ওই দোকান নির্মাণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির তত্কালীন সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল বেপারী। রিটে বলা হয়, যেভাবে একতলা ভবন করা হয়েছে তার উপর দোকান নির্মাণ করা হলে ঝুঁকিপূর্ণ হবে। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট দোকান নির্মাণ সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়।
রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে নিউমার্কেট যেভাবে আছে সেভাবেই থাকবে। এর কাঠামোয় কোনো পরিবর্তন আনা যাবে না।
