বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখার আয়োজনে খুলনার মজিদ রোডস্থ হোটেল সিটি ইন লি. -এ আগামী আজ থেকে শুরু হচ্ছে এ অঞ্চলের বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো খুলনা ২০১৯’। প্রদর্শনী চলবে ২০ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ সালাহউদ্দিন জুয়েল, সংসদ সদস্য, খুলনা-২; মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক, খুলনা; ইঞ্জি. সুব্রত সরকার, সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি; এস.এম হাবিব, সভাপতি, খুলনা প্রেস ক্লাব এবং অ্যাড. মো. সাইফুল ইসলাম, সভাপতি, নাগরিক সমাজ, খুলনা। এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএসের খুলনা শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম।
ডিজিটাল প্রযুক্তিপণ্য ও সেবা এবং জীবনধারাভিত্তিক এ প্রদর্শনী উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিসিএস এর পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিসিএসের খুলনা শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম এবং প্রদর্শনীর আহ্বায়ক ও সমিতির খুলনা শাখার ভাইস-চেয়ারম্যান মো. জিয়াউর রহমান প্রদর্শনীর বিস্তারিত জানান।
ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সেবার এ বর্ণিল প্রদর্শনীতে খোঁজ মিলবে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার নতুন সব আবিষ্কারের। সচেতনতামূলক ও ব্যবসাবান্ধব এ প্রদর্শনীতে বিশেষ ছাড় ও উপহারসহ কেনাকাটা করা যাবে পছন্দের তথ্যপযুক্তি পণ্য। প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি খাতে দেশের অন্যতম অর্থনৈতিক বলয় খুলনার অসীম সম্ভাবনা, কর্মপ্রচেষ্টা ও রূপকল্প নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। এ প্রদর্শনীতে দেশি-বিদেশি নামকরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের ফলে নতুন প্রযুক্তি, কলাকৌশল, প্রযুক্তিপণ্য ও সেবা এবং তা নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ প্রসারিত হবে। মেলায় ওয়াই ফাই-এর মাধ্যমে ইন্টারনেট ফ্রি ব্যবহারের সুযোগ থাকছে দর্শনার্থীদের। পৃথক গেমিং জোনের ব্যবস্থা থাকছে প্রদর্শনীতে। তথ্যপ্রযুক্তির ৩৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এতে থাকছে ২৬টি স্টল এবং ৮টি প্যাভিলিয়ন।
মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে বিসিএসের ঐতিহ্যের ধারাবাহিকতায় ‘বিসিএস ডিজিটাল এক্সপো খুলনা ২০১৯’-এ স্কুল শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও মেলার বিক্রীত টিকিট নিয়ে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র। আর এতে থাকবে আকর্ষণীয় উপহার। এছাড়া প্রদর্শক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে মেলায় থাকবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ বেলা ১১টায়। আগামীকাল বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ২০ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রদর্শনীর সমাপ্তি ঘটবে।
