শর্ত দিয়ে আগৈলঝাড়ায় সেই হাসপাতাল খোলার অনুমতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

একাধিক কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি, রেজিস্টার্ড চিকিত্সক ও নার্স নিয়োগ, সংশ্লিষ্ট দপ্তর সমূহের যথাযথ কাগজপত্র সংগ্রহ ও প্রশাসনের বিভিন্ন সুপারিশ কর্তৃপক্ষ ৯০ দিনের মধ্যে বাস্তবায়নের শর্তে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগৈলঝাড়ার সেই দুঃস্থ মানবতা হাসপাতাল খোলার অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে দুঃস্থ মানবতা হাসপাতালের পরিচালক ও স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হিরন্ময় হালদার প্রশাসনের সুপারিশ বাস্তবায়নের চুক্তিতে স্বাক্ষর শেষে ইউএনও তিন মাসের জন্য শর্ত সাপেক্ষ হাসপাতাল চালুর অনুমতি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলামসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা। ভুল চিকিত্সায় প্রসূতি মৃত্যুসহ বিভিন্ন অনিয়মের খবরে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে গত ৬ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।