উপজেলা পরিষদ নির্বাচন

বাজিতপুরে তৃণমূলের ভোট প্রত্যাখ্যান করে উপজেলা চেয়ারম্যানের প্রতিবাদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

বিভিন্ন অভিযোগ তুলে বাজিতপুরে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল ভোটের ফলাফল বাতিলের দাবিতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

বাজিতপুর বাজারের আলোছায়া চত্বরের স্মৃতিসৌধে প্রতিবাদ সভায় আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ছারওয়ার আলম বলেন, গত ৬ ফেব্রুয়ারি কথিত তৃণমূলের ভোটের নামে জালিয়াতি ও প্রতারণা করে আমাকে দুই ভোটে পরাজিত দেখানো হয়েছে। মৃত ব্যক্তির ভোটও প্রদান করা হয়েছে। তৃণমূলের ভোটকে তিনি ‘অবৈধ’ উল্লেখ করে সেই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেন এবং ফলাফল বাতিলের দাবি জানান। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বাজিতপুরে তৃণমূলের ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। অন্যদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম দুই ভোট কম পান।

এদিকে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মাস্টার বলেন, কোনো মৃত ব্যক্তির ভোট দেওয়া হয়নি। তৃণমূলের সিদ্ধান্ত যারা মানে না, তারা আওয়ামী লীগকেই মানে না।