রাণীনগরে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি আনোয়ার হোসেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

রাণীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য একডালা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন। আর মনোনয়ন পাওয়ার পরই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকার এই মাঝি।

দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ নওগাঁর ১১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন প্রতিদিন। উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে পথসভাও করতে দেখা গেছে তাকে। ভোটের মাঠে নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ওইসব এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও প্রতিনিয়তই তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌঁছে দিচ্ছেন এলাকাবাসীর কাছে। তিনি শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বড়গাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।