বিরাটের আরেকটি অর্জন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

গেল বছরের অনন্য পারফরম্যান্সের জন্য আগেই পেয়ে গেছেন আইসিসির বর্ষসেরা পুরস্কার। এবার নতুন একটা পালক যোগ হলো বিরাট কোহলির মুকুটে। স্পোর্টস স্টার ম্যাগাজিনও তাকে ২০১৮ সালের বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা দিয়েছে।

নব্বইয়ের গোড়া থেকে নিয়মিত স্পোর্টস স্টার ম্যাগাজিন বর্ষসেরা পুরস্কার দিয়ে আসতো। মাঝে সেটা বন্ধ থাকার পর ম্যাগাজিনটির ৪০ তম বার্ষিকী থেকে আবারো পুরস্কারের প্রথা চালু করা হয়েছে।

এর আগে এই ম্যাগাজিনটি শচিন টেন্ডুলকার, বিশ্বনাথ আনন্দ ও লিয়েন্ডার পেজের মতো ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো বিরাট কোহলির নাম। বিচারকদের প্যানেলে ছিলেন সুনীল গাভাস্কার, এম এম সৌম্য, অঞ্জু ববি জর্জ, অঞ্জলি ভাগওয়াত ও দ্য হিন্দু গ্রুপ পাবলিশিংয়ের চেয়ারম্যান এন রাম। এ ছাড়া, ছিল সাধারণ পাঠাকদের ভোট দেওয়ার সুযোগ।

বিরাট কোহলির হাতে পুরস্কারটি তুলে দেন শেন ওয়ার্ন । আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতে শেন ওয়ার্ন এখন ভারতেই অবস্থান করছেন।

বিরাটের হাতে পুরস্কার তুলে দিয়ে শেন ওয়ার্ন বলেন, ‘বিরাট কোহলি গোটা বিশ্বের জন্যই একজন অনুপ্রেরণা। ওর ভেতরে অনেক প্রতিভা, অনেক দক্ষতা যা ক্রিকেট মাঠে প্রতিযোগিতা জিততে ওকে সাহায্য করে। আমি পুরস্কার পাওয়ায় ওকে অভিনন্দন জানাই। আশা করি, আগামী দিনগুলোতে ও আরো অনেক সাফল্য পাবে।’

তিন ফরম্যাটেই ২০১৮ সালে চূড়ান্ত সফল ছিলেন বিরাট। ১৩২২ রান তিনি করেছেন ১৩টি টেস্টে, ১২০২ রান করেছেন ১৪ ওয়ানডেতে, আর ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেছে ২১১ রান। টেস্ট ও ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে থেকেই তিনি বছর শেষ করেছেন। ফলে বলা যায়, পুরস্কারটা বিরাটের প্রাপ্যই ছিল।

বিরাটের প্রসঙ্গে সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও ভূয়সী প্রশংসাই করলেন। ১০ বারের রঞ্জি ট্রফি জয়ী ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান বলে বিবেচিত হন। তিনি বলেন, ‘অবশ্যই বিরাট কোহলিই এই মুহূর্তে বিশ্বর সেরা ব্যাটসম্যান। সে ফিটনেস, ব্যাটিং, ফিল্ডিংয়ের চূড়ান্ত মানটাকেই আরো অনেক বাড়িয়ে নিয়েছে। সে তরুণ ক্রিকেটারদের জন্য রোল মডেল। সে নিত্য নতুন রেকর্ড গড়ে ও দলের মধ্যে জয়ের মানসিকতা ছড়িয়ে দেয়। ওকে সেরা না মানার কোনো কারণ নেই। ওর খেলা দেখা মানেই পয়সা উসুল।’