শিরোপা প্রত্যাশী আর্সেনাল ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে বাটে বরিসভের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও জিতেছে চেলসি, ভ্যালেন্সিয়া, সেভিয়া ও ইন্টার মিলান।
আর্সেনাল মৌসুমের শুরুর দিকে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হঠাতই খেই হারিয়েছে। সবধরনের প্রতিযোগিতায় শেষ নয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল তারা। জয় দুটি এসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানীর দল হাডার্সফিল্ড ও এফএ কাপে তৃতীয় বিভাগের দল ব্ল্যাকপুলের বিপক্ষে। তারপরও বাটের বিপক্ষে গত বৃহস্পতিবার রাতে জয়ভিন্ন কিছু আশা করেনি গানাররা।
বেলারুশ লিগের খেলা শেষ হয়েছে ডিসেম্বরে। তারপর থেকে দুই মাস কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি বরিসভ। কিন্তু ঘরের মাঠে ইউরোপা লিগের নকআউটের লড়াইয়ে সেই অনভ্যস্ততার ছাপ পড়লো না মোটেও। বিরতির আগে স্তানিস্লাভ দ্রাগুনের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকরা পরে আরো গোলের সুযোগ তৈরি করেছিল।
অন্যদিকে পিছিয়ে পড়ে আর্সেনাল বলার মতো সুযোগ তৈরি করতে তো ব্যর্থ হয়েছেই, দুর্দশা আরো ঘনীভূত হয়েছে ৮৫ মিনিটে আলেক্সান্দার লাকাজেতের লাল কার্ডে। ফলে পরের সপ্তাহের ফিরতি লেগে ফরাসি স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হবে কোচ উনাই এমেরির দলকে।
কোচ এমেরি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিরতি লেগে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এটা কেবল প্রথম ম্যাচ। পরের ম্যাচটা লন্ডনে খেলবো আমরা। আর আমি মনে করি সেখানে ভিন্ন কিছু হতে পারে।’
দলের এমন মুহূর্তেও দলের খেলোয়াড়দের উপর আস্থা হারাচ্ছেন না এমেরি। তিনি বলেন, ‘আমার খেলোয়াড়, আমার স্টেডিয়াম এবং আমার দর্শকদের উপর বিশ্বাস আছে আমার। আমি আরো বিশ্বাস করি আমাদের পরিশ্রম ও প্রস্তুতি আমাদেরকে ভিন্ন ফলাফল অর্জন করতে সাহায্য করবে।’
ম্যাচের এই ফলাফলে নিজেদের ব্যর্থতার চেয়ে প্রতিপক্ষের কৃতিত্বকেই বড় করে দেখছেন স্প্যানিশ কোচ।
তিনি আরো বলেন, ‘এটা আমাদের প্রত্যাশিত কোনো ফলাফল নয়। আমরা আরো বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম কিন্তু তারা এই ফলাফলের জন্য পরিশ্রম করেছে। পরের সপ্তাহটা পুরোপুরি ভিন্ন হতে যাচ্ছে।’
প্রতিপক্ষের মাঠে সাম্প্রতিক রেকর্ড ভালো ছিল না চেলসিরও। লিগের শেষ তিন ‘অ্যাওয়ে’ ম্যাচে’র তিনটিতেই হারের কবলে পড়েছিল তারা, হজম করেছিল ১২ গোল। তবে মালমোর বিপক্ষে ২-১ গোলের জয়ে কিছুটা হলেও নিজেদের উপর চাপ কমাতে সক্ষম হয়েছে লন্ডনের দলটি।
অস্ট্রীয় ক্লাবটির বিপক্ষে লড়াইয়ে ৩০ মিনিটে রোস বার্কলের গোলে এগিয়ে যায় ব্লুজরা। ৫৮ মিনিটে অলিভিয়ের জিরুর গোলে ব্যবধান দ্বিগুন করে কোচ মাউরিজিও সারির শিষ্যরা। তবে ৮০তম মিনিটে অ্যান্ডার্স ক্রিশ্চিয়ানসেনের লক্ষ্যভেদে ব্যবধান কমিয়ে পরের লেগের জন্য আশা জিইয়ে রাখলো স্বাগতিক মালমো।
আগের ম্যাচেই সিটির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সারির দল। সেই ধাক্কা কাটিয়ে এদিন জয় পেলেও এটিকে সহজ মানছেন না চেলসি কোচ। বিটি স্পোর্টসকে সারি বলেন, ‘আমি খুশি কেননা আমরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছিলাম এবং শেষ ম্যাচের কথা মাথার রাখলে এ জয় মোটেও সহজ ছিল না।’
এদিকে অধিনায়ক মাউরো ইকার্দিকে ছাড়া র্যাপিড ভিয়েনার বিপক্ষে খেলতে নামা ইন্টার মিলান আরেক আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয়লাভ করেছে। দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ২-০ গোলে সেল্টিককে, সেভিয়া ১-০ গোলে ল্যাজিওকে হারিয়েছে।
