রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল মাদ্রিদ ডার্বিতে উদযাপনের কারণে ১২ ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন।
গেল সপ্তাহে অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় দলের ৩-১ ব্যবধানের জয়ের শেষ গোলটি করেছিলেন ওয়েলশ ফরোয়ার্ড, যেটি ছিল রিয়ালের হয়ে তার শততম গোলও। তবে গোলটির পর তার উদযাপনে আপত্তি তুলেছে লা লিগা কর্তৃপক্ষ। তাদের ভাষায়,‘ডান হাত তুলে মাথার কাছে নিয়ে দোলাতে থাকা প্রতিপক্ষ সমর্থকদের প্রতি উসকানির পরিষ্কার ইঙ্গিত, পরেরটি সম্ভাব্য অশ্লীল এবং অপমানকর অর্থ থাকতে পারে, যেখানে তিনি তার গোটানো হাত তোলেন এবং তার মাঝখানে অন্য হাত দ্বারা আঘাত করেন।’ লা লিগা জানিয়েছে, উদযাপনটিতে শত্রুতা উদ্দীপক কোনো কিছু ছিল কিনা তা খতিয়ে দেখবে। যদি তা প্রমাণিত হয় তবে দর্শকদের বৈরী আচরণে প্ররোচিত করার দায়ে ১২ ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন।
