বার্সেলোনার কোচ হিসেবে মেয়াদ এক বছর বাড়ল স্প্যানিশ কোচ আর্নেস্তো ভালভার্দের। যার ফলে ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত দলটির কোচিংয়ের দায়িত্ব সামলাবেন তিনিই। তবে আলোচনার মাধ্যমে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে তার সামনে, যদি তাই হয় তবে ২০২০-২১ মৌসুমেও কাতালান ডাগআউটে দেখা মিলতে পারে তার। সাবেক কোচ লুইস এনরিকের চুক্তি শেষ হবার পর ২০১৭ সালের মে মাসে তাকে কোচের দায়িত্ব দেয় স্প্যানিশ দলটি। ভালভার্দের অধীনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থ হলেও ঘরোয়া প্রতিযোগিতায় আধিপত্য টিকিয়ে রেখেছে বার্সা। ২০১৭-১৮ মৌসুমের লা লিগা জয়ের পাশাপাশি জিতেছে কোপা দেল রে ও পরের মৌসুমের সুপারকোপা দে এস্পানাও।
