অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের জন্য খুব বড় কোনো পরিবর্তন আনেনি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পূর্ণশক্তির ভারতীয় দলই ঘোষণা করেছে তারা। দিনেশ কার্তিক ও খলিল আহমেদ ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে রাখা হয়েছে ভূবনেশ্বর কুমারে।
অনুমিত ভাবেই বিশ্রাম শেষে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজকে দলের বাইরে রাখা হয়েছে। বিশ্বকাপের আগে ওয়ানডে দলে এসেছেন লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। দলে দু’জন স্পিনার রেখেছে ভারত - কুলদ্বীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। ঝালাই করে নেওয়ার জন্যই অলরাউন্ডার বিজয় শঙ্করও দলে আছেন।
পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহর সাথে আছেন মোহাম্মদ শামি। প্রথম দুই ম্যাচ শেষে যোগ দেবেন ভূবনেশ্বর। হার্দিক পান্ডিয়া ও বিজয় শঙ্কর থাকছেন। ভূবনেশ্বরের বদলি হিসেবে প্রথম দুই ম্যাচে আছেন সিদ্ধার্থ কউল। এদিকে প্রথমবারের মত যেকোনো ফরম্যাটে ভারতীয় দলে ডাক পেলেন মায়াঙ্ক মারকান্ডে। টি-টোয়েন্টিতে ফিরেছেন উমেশ যাদব ও লোকেশ রাহুল।
আসছে ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। সিরিজ শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর দুই মার্চ থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।
