খাগড়াছড়িতে মহতী সভা ও সম্মাননা প্রদান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

খাগড়াছড়িতে ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ মন্দিরে ওঁকার গিরি মহারাজের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার আলোকে শুক্রবার সকালে এক মহতী সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো। মন্দির পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক প্রভাত তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে ১৯৭২ সাল থেকে বিভিন্ন সময়ে মন্দিরের সভাপতি, সম্পাদক ও পুরোহিতের দায়িত্ব পালন করেছেন তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। এদের মধ্যে সভাপতি ৮ জন, সাধারণ সম্পাদক ৬ জন, পুরোহিত ৩ জন মোট ১৭ জনকে সম্মননা দেওয়া হয়।