বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযোনে ১৯৫ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জে ১২৩ জন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় মাদক বিরোধী অভিযানে ১২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৫৭ পিস ইয়াবা, ৩৪২ বোতল ফেনসিডিল ও ৯শ গ্রাম গাঁজা। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলাম জানিয়েছেন।
এদিকে, জেলা পুলিশের কন্ট্রোলরুম থেকে জানা গেছে, সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার করেছে। এ অভিযানে উদ্ধার করা হয় ১০৩ পিচ ইয়াবা, শিবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনুরূপ অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ২৯৯ বোতল ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২৬ জন এবং উদ্ধার করা হয়েছে ৪৩ বোতল ফেন্সিডিল। নাচোল থানা পুলিশের এ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে ২৩ পিস ইয়াবা। অপর দিকে ভোলাহাট থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২১ পিস ইয়াবাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরায় গ্রেপ্তার ৬৮ জন
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১০ জন, আশাশুনি থানা থেকে ১০ জন, দেবহাটা থানা থেকে ৮ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সিংড়ায় ৪ জন আটক
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়ায় ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করেছে থানা পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে উপজেলার কলম ও শেরকোল ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আনন্দ কুমার দাস, ফারুক হোসেন, সোহরাব হোসেন ও বাবু ভান্ডারী। ওসি মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
