কক্সবাজার শহরের রাজমনি আবাসিক হোটেল থেকে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এসময় দুই দালালকেও আটক করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে কক্সবাজার শহরের ফজল মার্কেটের বিপরীতে হোটেল রাজমনিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন— হাসিম উল্লাহ, ইব্রাহীম, সাজিদা (২৫), সুকুরা, নূর বেগম, সাজিদা (১৯), আলম, যুবায়ের, কামাল হোসেন, হেদায়েত উল্লাহ, ইসমাইল, আমীর হোসেন। এসময় দালাল হিসাবে কাজ করা লোহাগড়া উপজেলার পশ্চিম মিরিকেল গ্রামের মোঃ নূরুল ইসলাম এবং উখিয়ার থাইংখালী, রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি-২৬ এর জাহেদ আলমকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য রোহিঙ্গাদের হোটেলে জড়ো করা হয়েছিল। তিনি আরও জানান, আটককৃত দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
