তাড়াশে কৃষকদের বিক্ষোভ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

তাড়াশে ফের গরু চুরি বেড়েছে। গত ১৫ দিনে বেশ কয়েকজন কৃষকের গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র। চুরি আতঙ্কে গ্রামে গ্রামে রাতে জেগে গরু পাহারা দিচ্ছেন কৃষকরা। তাদের চুরি যাওয়া গরু ও চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে করেছেন বিক্ষোভ।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের পাটগাড়ি গ্রামের কৃষক ইছা আলী জানান, গত বুধবার রাত দেড়টার দিকে একই গ্রামের দুই পেশাদার গরু চোর আব্দুল খালেক ও মোক্তার হোসেন তার গোয়ালঘরে হানা দেয়। গোয়াল থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের দুটি দুধেল গাভী চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে থানা-পুলিশে সোপর্দ করে। এ সময় অপর দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

বারুহাস ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক মোলায়েম হোসেন, ঝন্টু মিঞা ও তারা মিঞা জানান, বেশ কিছুদিন হয়ে গেল রাতের আঁধারে তাদের গোয়ালের সবগুলো গরু চুরি হয়ে যায়। থানায় অভিযোগ দিয়েও ওইসব চুরি যাওয়া গরু উদ্ধার কিংবা চুরির সাথে জড়িতদের আজও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে গত মঙ্গলবার গরু চোরদের গ্রেপ্তারের দাবিতে মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদৌ সৈয়দপুর বাহিরপাড়া এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় শতাধিক কৃষক।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, গরুচোর চক্র গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।