বগুড়ায় ৯ ঘণ্টা পর অপহূত ছাত্র উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

বগুড়ায় এক কলেজ ছাত্রকে অপহরণের ৯ ঘণ্টার মধ্যে বগুড়া সদর থানা পুলিশ গতকাল শুক্রবার তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ অপহরণকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। অপহূত কলেজ ছাত্র বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আবুল হাসনাত। অপহরণকারী দলের দুই সদস্য হলো— ফেরদৌস হাসান ও শিবলু। তাদের বাড়ি শহরের পূর্ব পালশা এলাকায়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানা পুলিশ জানায়, শিক্ষার্থী মোঃ আবুল হাসানাত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কামারগাড়ি মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন যুবক মিলে তাকে মাইক্রোতে তুলে নিয়ে যায়। হাসানাতকে শহরের পূর্ব পালশা এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করে। অপহরণকারী চক্রের একজন হাসানাতের মোবাইল থেকে তার (হাসানাতের) বাবার মোবাইলে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হাসানাতকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। হাসানাতের বাবা মোঃ হারেছ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর হাসানাতের পরিবার বগুড়া সদর পুলিশের কাছে তাদের সন্তান উদ্ধারের সহায়তা চান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বিকাশে টাকা দেওয়ার কথা বলে অপহরণকারীদের ভবেরবাজার এলাকায় নিয়ে আসা হয়। একই সঙ্গে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপহরণকারীদের মোবাইল নম্বর ট্র্যাক করেন। পরে পুলিশ ফেরদৌস ও শিবলুকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ শিক্ষার্থী হাসানাতকে পালশা ভবেরবাজার এলাকার বাঁশ ঝাড় থেকে ভোরে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাসানাতের বাবা মোঃ হারেছ আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা করেন। মামলায় সাতজনের নামোল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও পাঁচজনকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃতরা অপহরণ চক্রের সদস্য। এদের মধ্যে ফেরদৌস ধরাছোঁয়ার বাইরে ছিল। এ অপহরণ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।