জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও চর্চাভিত্তিক পুস্তক প্রকাশনার ব্যাপারে লেখকরা উত্সাহিত হচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম উজ্জীবিত হচ্ছে এবং তারা আমাদের এই গৌরবময় বিজয়গাঁথা সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। আজ মুক্তিযোদ্ধারা গৌরবের সাথে নিজ পরিচয় প্রদান করেন। এক সময়ে মুক্তিযুদ্ধ কথাটা আমাদের দেশে নিষিদ্ধ শব্দের মতো ছিল।
গতকাল পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে ‘আমি মুজিব বলছি’ বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ভিন্ন মত প্রকাশনীর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বিশিষ্ট মুক্তিযুদ্ধা মহিউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন পুস্তকের লেখক আবুল খায়ের মোহাম্মদ আব্দুল্লাহ।
