সু চির পরামর্শক হত্যায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সাবেক পরামর্শক ও মুসলিম ধর্মাবলম্বী প্রখ্যাত আইনজীবী কো নি হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য রয়েছেন। হত্যায় অভিযুক্ত অপর দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাজনীতি থেকে সেনাবাহিনীর প্রভাব কমাতে সংবিধান সংস্কারের ডাক দেওয়া আইনজীবী কো নিকে দুই বছর আগে ইয়াঙ্গুন বিমানবন্দরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে দেশটির সংখ্যালঘুদের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সামরিক প্রভাব থেকে রাষ্ট্রযন্ত্রকে মুক্ত করার জন্য সু চির রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে আসছিলেন। সহযোগীর হত্যাকাণ্ড প্রশ্নে দীর্ঘদিন নীরব থাকার পর গত মাসে কো নির স্মরণসভায় পাঠানো এক ভিডিওবার্তায় এ বিষয়ে সত্য উন্মোচনের ডাক দিয়েছিলেন সু চি।

শুক্রবার ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলীয় জেলা আদালতে কো নিকে গুলি করার দায়ে কিয়াই লিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর তাকে ভাড়া করায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক সেনা সদস্য অং উইন জাওকে। আপিল করার জন্য দণ্ডপ্রাপ্তরা সাত দিন সময় পাবেন। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিয়ানমারের আদালতে মৃত্যুদণ্ড ঘোষিত হলেও বিগত কয়েক দশকে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত মোট চারজনের মধ্যে তিনজনেরই সেনাবাহিনী সংশ্লিষ্টতা রয়েছে। গত বছর রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়, তিন সাবেক সেনা কর্মকর্তার যোগসাজশে খুন হয়েছিলেন আইনজীবী কো নি। হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান সেনা নেতৃত্বের সংশ্লিষ্টতাও অস্বীকার করছে মিয়ানমার। তবে রয়টার্সের দাবি, দণ্ডপ্রাপ্তরা বর্তমান সেনা নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে হত্যাকাণ্ডটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করা হয়েছে।